নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, সড়কপথের পুরোটা এখন দৃশ্যমান

পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব, সড়কপথের পুরোটা এখন দৃশ্যমান

সিপ্লাস ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। আজ সোমবার শেষ স্ল্যাবটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর পুরো সড়কপথ। এখন বাকি থাকল শুধু পিচঢালাইয়ের কাজ। এটি শেষ হলেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমে বলেন, ‘আজ সকাল ১০টা ১২ মিনিটে পদ্মা সেতুতে সড়কপথের শেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি সবাই মিলে উদযাপন করা হয়েছে। আতসবাজীর মধ্য দিয়ে শেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এখন শুধু পিচঢালাইয়ের কাজ বাকি থাকল।’

এর আগে গত ২০ জুন দ্বিতল এই সেতুর রেলওয়ের সব স্ল্যাবও বসানো হয়। এবার শেষ স্ল্যাব বসানোর পর সেতুর ছয় দশমিক ১৫ কিলোমিটারের পুরো সড়কপথ দৃশ্যমান হলো। সেতুতে মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। আর মূল সেতুর কাজের অগ্রগতি ৯৪ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ মূল সেতুর কাজের আর বাকি মাত্র পাঁচ দশমিক ৭৫ শতাংশ।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছিলো ২০২০ সালের ১০ ডিসেম্বর। একইসঙ্গে চলতে থাকে সড়কপথ ও রেলপথের স্ল্যাব বসানোসহ অন্যান্য কাজ। ২০২২ সালের জুন মাসের মধ্যেই এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here