Site icon CPLUSBD.COM

পদ্মা সেতুর নিচ দিয়ে ভারি যানবাহী ফেরি চলাচল বন্ধ ঘোষণা

ছবিঃ(ইন্টারনেট) পদ্মা সেতু।

সিপ্লাস ডেস্ক: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন পদ্মা নদীতে স্রোতের তীব্রতা কমে না আসা পর্যন্ত মাওয়ায় নির্মাণাধীন পদ্মা সেতুর নিচ দিয়ে ভারি যানবাহনবাহী ফেরি চলাচল করতে পারবে না।

কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি খুঁটিতে ফেরির ধাক্কা লাগার পর পদ্মা সেতুর নিচ দিয়ে আপাতত ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ দুর্ঘটনার একদিন পর সোমবার নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি পদ্মা সেতুর দশ নাম্বার পিলারে আঘাত করে।

এর আগে গত মাসে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দুটি ফেরি, সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করেছিল।

সবগুলো ঘটনাতেই ফেরির সংশ্লিষ্টদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্তের পর আটক করে তদন্ত করছে কর্তৃপক্ষ।

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে স্বল্প সময়ের ব্যবধানে তিনটি ফেরি আঘাত করার ঘটনার পর সরকারের দিক থেকে এমন সিদ্ধান্ত এল।

ভারী যানবাহনগুলোকে মাওয়া এড়িয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া চাঁদপুর ও শরীয়তপুর ঘাটও ব্যবহার করতে পারবে।

দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের বেশির বাস-ট্রাক মাওয়ার শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাট দিয়েই পারাপার হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের রুট বদলাতে হবে।

পদ্মা নদীর উপর দেশের যে দীর্ঘতম সেতুর কাজ চলছে, তা মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করছে।

সেতুর কাজ শেষের দিকে। এখন সেখানে পদ্মা পারে মাওয়ার শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত ফেরি ও লঞ্চ চলছে।

 

কর্তৃপক্ষ আশা করছে আগামী এক বছরের মধ্যেই সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে । দ্বিতল পদ্মা সেতু সরকারের অগ্রাধিকারমুলক প্রকল্প। সেতুর নিচতলা দিয়ে ট্রেন চলাচল করবে।

সেতু কর্তৃপক্ষের হিসেবে নির্মাণ কাজের ৮৭ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।