পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৩৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর এই স্প্যানটি বসানো হয় বলে প্রকৌশলীরা জানিয়েছেন। এর আগে সকাল ৯টার দিকে কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন।
সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ২২তম স্প্যানটি ২৫ জানুয়ারি বসানোর কথা ছিল। নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি পিয়ারে তোলা সম্ভব হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি দিয়ে সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।
কাদের বলেছিলেন, প্রতি মাসে তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। এই শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে জুলাই নাগাদ সব স্প্যান বসানোর কাজ শেষ হবে। এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী কাজ চলছে।
মোট ৪২টি পিয়ারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দোতালা এই সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ মূল সেতু নির্মাণের কাজ করছে।
নদীশাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।
২০১৫ সালের ডিসেম্বর সেতুর মূল কাজ শুরু হয়। ২০১৮ সালের মধ্যে নির্মাণের লক্ষ্য থাকলেও তা সম্ভব হয়নি। সরকার এখন ২০২১ সালের জুন মাস নাগাদ কাজ শেষ হবে বলে আশা করছে।








