জগলুল হুদা, রাঙ্গুনিয়া: ১৫ থেকে ২০ জন তরুণ একসঙ্গে ঝাড়ু হাতে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করছেন। সবার গায়ে সবুজ পোশাক। দীর্ঘক্ষণ বাজার পরিচ্ছন্নতার কাজ শেষে পুরো রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন করার জন্য সকলে হাত তোলে শপথ বাক্য পাঠ করছেন।
তাদের এই ব্যতিক্রমী কার্যক্রম দেখে বাজারে আসা সকল ক্রেতা-বিক্রেতা তাদের প্রশংসা করছেন।
এভাবে পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয়ে নিয়মিত রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”।
এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে মাধ্যমে জনসচেতনতার বার্তা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন তারা।
যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তন, ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই “বিডি ক্লিন” এর মূল লক্ষ্য বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
হাতেকলমে পরিচ্ছন্নতার পাশাপাশি সংগঠনটি পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার কাজ করে রাঙ্গুনিয়ায় সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছেন।
বিডি ক্লিন রাঙ্গুনিয়ার প্রধান সমন্বয়ক রিয়াজুল ইসলাম রাকিব জানান, “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগানকে বুকে ধারণ করে রাঙ্গুনিয়াবাসীর মননে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বিডি ক্লিনের উপজেলা ভিত্তিক কার্যক্রম চালানো হচ্ছে। রাঙ্গুনিয়ায় এর যাত্রা শুরু হয়েছে ২০১৯ সালের ২৫ অক্টোবর। সেই থেকে রাঙ্গুনিয়ার ১০টি স্থানে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে পরিষ্কার করার মাধ্যমে মানুষকে যত্রতত্র ময়লা না ফেলার জন্য সচেতনতার বার্তা পৌঁছে দেয়া হয়।
মূলত রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের প্রধান মনিটর মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বিডি ক্লিন রাঙ্গুনিয়া” মনে করে একটি নির্দিষ্ট জায়গার সব ময়লা পরিষ্কার করা সম্ভব নয়, তবে এটা সম্ভব যে যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে মানুষকে সচেতন করা। সে অনুযায়ী রাঙ্গুনিয়ায় এসংগঠনে কাজ করছে দেড় শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী। যারা নিজেরাও সচেতন এবং প্রতিনিয়ত সচেতন করছে আশেপাশের মানুষদের।
সংগঠনটির ওলেকাম মনিটর জিয়া রাকিব ও এডমিন তাহাসান খান ইমন বলেন, “বিডি ক্লিন রাঙ্গুনিয়ার ভবিষ্যত পরিকল্পনা হলো সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্ট অব্যাহত রাখা এবং রাঙ্গুনিয়ার জনগন ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ জায়গায় ডাস্টবিন স্থাপন, প্রতিটি দোকানে দোকানে ময়লা ফেলার জন্য ঝুড়ির ব্যবহার নিশ্চিত করা।
বিডি ক্লিন রাঙ্গুনিয়া চাই, প্রতিটি ঘরে ঘরে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে যাক, রাঙ্গুনিয়ার একটি মানুষও যেন যত্রতত্র ময়লা আর না ফেলে সেই বিষয়টি নিশ্চিত হোক।”
এদিকে বিডি ক্লিন রাঙ্গুনিয়ার ব্যতিক্রমী এ আয়োজন বেশ আলোড়ন তুলেছে রাঙ্গুনিয়ায়। তাদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্টে সংশ্লিষ্ট বাজার এলাকার মানুষ তাদের প্রশংশা করছেন।
রোয়াজারহাট বাজারের ব্যবসায়ী মো. রাশেদ বলেন, ‘বিডি ক্লিনের ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অভ্যাস পরিবর্তন হলে সত্যিই বদলে যাবে পরিবেশ।’








