সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম শহরে উল্লেখযোগ্য মাঠ আছে শুধু তিনটি- আউটার স্টেডিয়াম, পলোগ্রাউন্ড এবং প্যারেড গ্রাউন্ড মাঠ। খেলাধুলা ও শরীর চর্চার জন্য একসময় বিখ্যাত ছিল কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম।
এই মাঠগুলো থেকে তৈরি হয়েছে শত শত খেলোয়াড়। এই সব মাঠে খেলেই জাতীয় ক্রিকেট দলে নেতৃত্ব দিয়েছেন নান্নু, আকরাম, নাফিস, তামিম,আফতাবের মতো তারকা খেলোয়াড়রা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনও এই মাঠের সৃষ্টি।
বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর রক্ষনাবেক্ষণ ও সংস্কারের অভাবে মাঠ ঢাকা পড়েছে ঘাসের নিচে ,নির্মাণ কাজের জন্য আনা ইট-পাথরের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছিল এসব খেলার মাঠ।আউটার স্টেডিয়াম এর অবস্থা ছিল সবচাইতে নাজুক। আউটার স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, জমে থাকা পানিতে জন্মাচ্ছে ডেঙ্গু জীবাণুবাহী মশা।
দীর্ঘদিন আউটার স্টেডিয়ামের এমন বেহাল দশা নিয়ে সিটি করপোরেশন আর জেলা ক্রীড়া সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেও কোন সুফল না পেয়ে অবশেষে স্থানীয় কাজী পাড়ার কিশোর তরুণরা নিজ উদ্যোগে নেমে পড়েছিল আউটার স্টেডিয়াম পরিষ্কারের কাজে।
সোমবার ( ২৩ আগষ্ট) সরজমিনে গিয়ে দেখা যায়, এসব কিশোর তরুণেরা কারো হাতে কোদাল, কারো হাতে কাস্তে, আর ঝুড়ি, বালতি নিয়ে মাঠ পরিষ্কারের কাজে ব্যস্ত। একঝাঁক কিশোর তরুণ মিলেমিশে আনন্দচিত্তে মাঠ পরিস্কার করছিল। কিছুক্ষণের মধ্যেই মাঠকে পরিষ্কার করে খেলা উপযোগী করে তুলে এসব তরুণের দল।
তাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন নানাভাবে চেষ্টা তদবির করেও সংশ্লিষ্টদের নজরে আনতে ব্যর্থ হয়ে নিজেরাই মাঠ পরিষ্কার করতে নেমে পড়েছেন আজ। তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী।
বিস্তারিত ভিডিওতে..








