পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বগুড়া, রংপুর, গাইবান্ধা ও পাবনার ১৩টি কারখানাকে ৫৬ লাখ ৫৫ হাজার ৫৯ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। গত সোমবার ও মঙ্গলবার অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালক রুবিনা ফেরদৌসী কারখানাগুলোর মালিক বা প্রতিনিধিদের অধিদফতরে শুনানির জন্য ডাকেন।
পরে পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, সোমবারের শুনানি শেষে ঢাকার লিন্ডা ইলাস্টিকস লিমিটেডকে ৫০ হাজার ৪০০ টাকা, নারায়ণগঞ্জের উদয়ন বোর্ড অ্যান্ড পেপার মিলস লিমিটেডকে ৭৪ হাজার ৮০০, গাজীপুরের ইউরো ওয়াশিং লিমটিডেকে ১ লাখ ১৮ হাজার ৮০০, নরসিংদীর হোসেন ক্যালেন্ডারিং অ্যান্ড ফিনিশিং মিলসকে ৩ লাখ ৫০ হাজার ৩৬৮, মেসার্স রুকু ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবারের শুনানি শেষে নারায়ণগঞ্জের মেসার্স ভাই ভাই ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজকে ৬ লাখ ৮ হাজার টাকা, গাজীপুরের ইন্টার স্টফ এপারেলস লিমিটেডকে ২৪ লাখ ৭২ হাজার ১৯২, বগুড়ার সূচি পল্পী অ্যান্ড পেপার মিলকে ৮ লাখ টাকা, রংপুরের মেসার্স আলম অটো রাইস মিলকে ২ লাখ, মেসার্স মোখতার আহমেদ অটোরাইস মিলকে (মাহীগঞ্জ অটোরাইস মিল) ২ লাখ, গাইবান্ধার রাজা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে ৪ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা, পাবনার ভাই ভাই সুতা প্রসেস মিলকে (মেসার্স সাজেদুল ট্রেডার্স) ৪৬ হাজার ৩১২ এবং মেসার্স মুন্সী প্রসেস মিলকে ৩৫ হাজার ৭৮৭ টাকা জরিমানা করা হয়।








