সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে সাত দিন বিরতির পর সংসদের চলমান বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক বসছে মঙ্গলবার।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় যেসব সংসদ সদস্যদের ফলাফল `নেগেটিভ’ এসেছে, তারাই অংশ নেবেন ওই বৈঠকে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হবে। গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়েছিল।
সংসদ সচিবালযয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবারে অধিবেশনে অংশ নেবেন এমন সংসদ সদস্যদের সবার কোভিড-১৯ পরীক্ষা হয়েছে।
সংসদ ভবনের মেডিকেল সেন্টারে শনি ও রোববার ৬৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সকলেরই ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া অনেক সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগেও পরীক্ষা করিয়েছেন।
প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, “আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সংসদের বৈঠক হবে। মঙ্গলবার বৈঠকে যারা অংশ নেবেন তাদের সকলেরই করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হয়েছে। আল্লাহর রহমতে সকলেরই নেগেটিভ এসেছে।”
মঙ্গলবার সংসদের বৈঠকে ৭০ থেকে ৮০ জনের মত সংসদ সদস্য অংশ নেবেন বলে তিনি জানান।
এদিকে সংসদের পরবর্তী বৈঠকগুলোতে যারা অংশ নেবেন, সেইসব আইন প্রণেতাদের কোভিড-১৯ পরীক্ষা অব্যাহত রয়েছে।
সোমবার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে; তাদের ফলাফল পাওয়া যাবে মঙ্গলবার।
শুরুতে বাজেট অধিবেশন ১২ থেকে ১৫ কার্যদিবস চালানোর পরিকল্পনা নেওয়া হলেও করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে তা আরও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন সব মিলিয়ে ৮ কার্যদিবস অধিবেশন চলতে পারে।

