Site icon CPLUSBD.COM

জামিনের মেয়াদ বাড়াতে রোববার আদালতে যাচ্ছেন পরীমনি

পরীমনি

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: রাজধানীর বনানী থানায় র‌্যাবের করা মাদক মামলার চার্জশিটে অভিযুক্ত হওয়ার পর এই মামলায় জামিনের মেয়াদ বাড়াতে ফের আদালতে যাচ্ছেন পরীমনি।

আলোচিত এই অভিনেত্রী রোববার বেলা ১১-১২টার দিকে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করবেন বলে জানান তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (রোববার) ধার্য তারিখে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা নাগাদ আদালতে এসে হাজিরা দেবেন পরীমনি। তিনি এ মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন পান। সে হিসেবে তার জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল। যার ফলে পরীমনি কাল সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করবেন।

‘আশা করছি, তিনি আবারও জামিন পাবেন। কারণ, তার শুটিং শুরু হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় নিয়ে তার জামিন বর্ধিত করে আদেশ দেবেন। তা ছাড়া তিনি জামিনে বেরিয়ে কোনো প্রকার আইনি ব্যত্যয় করেননি। আগামীতেও করবেন না বলে আশা প্রকাশ করছি।’

এই মাদক মামলায় পরীমনিকে গত ৩১ আগস্ট অভিযোগপত্র জমা না হওয়া পর্যন্ত জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশের আদালত। জামিন আদেশ পৌঁছানোর পরের দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ‘বিশ্ব সুন্দরী’-খ্যাত এই অভিনেত্রী।

গত ৪ অক্টোবর মামলাটির তদন্ত সংস্থা সিআইডি ঢাকার মুখ্য মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেয়। এতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। অপর দুজন হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হাওলাদার। আসামিদের সবাই জামিনে আছেন।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক করা হয় পরীমনিকে।

পরের দিন ব্রিফিংয়ে পরীমনিকে আটক করার কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় র‌্যাব। এরপর এই অভিনেত্রীকে তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়।