Site icon CPLUSBD.COM

পলিথিন ব্যাগে ২২ লাখ টাকার ইয়াবা, অতপর পুলিশের জালে ধরা

পলিথিন ব্যাগে ২২ লাখ টাকার ইয়াবা

সিপ্লাস প্রতিবেদক: দিল মোহাম্মদ নামের এক যুবকের হাতে থাকা পলিথিন ব্যাগে ছিল ১১ হাজার ১০০ পিস ইয়াবা। পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহ হলে পলিথিন ব্যাগ চেক করলে বেরিয়ে আসে এসব ইয়াবা।

অতঃপর চান্দগাঁও থানা পুলিশের জালে ইয়াবাসহ ধরা পড়লো ওই যুবক।

রোববার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দিল মোহাম্মদ কক্সবাজার জেলার টেকনাফ থানার মিঠা পানির ছড়া এলাকার সামশুল আলমের ছেলে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান সিপ্লাসকে জানান, নিয়মিত চেকপোস্টে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এক ব্যক্তিকে সন্দেহ হলে তার পলিথিন ব্যাগ চেক করলে দেখা যায় ব্যাগে ১১ হাজার ১০০ পিস ইয়াবা।

তৎক্ষনাৎ সন্দেহভাজনকে হেফাজত নিয়ে জিঙ্গাসাবাদ করলে প্রাথমিকভাবে ইয়াবা পাচারের কথা স্বীকার করে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা চালানের সাথে জড়িতদের বের করার চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।