বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। বিশেষ করে রাজধানীতে বায়ু দূষণ চরম মাত্রায় ঠেকেছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার পল্টনে বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৩ পিএম। যা খুবই বিপদজনক।
ঢাকা ইউএস কনস্যুলেটের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৯ বায়ু দূষিত দেশের একটি বাংলাদেশ। সকাল ১০টার দিকে বিশ্বে বায়ু দূষণের পরিমাণ সবচেয়ে বেশি চীনের কাশগড়ে ৯৯৯ পিএম।
এরপরই অবস্থান মেক্সিকোর অ্যাগাস্কালিয়েন্টসে ৭৫২ পিএম, ভারতে পশ্চিমবঙ্গের চাকাপাড়ায় ৪৯২ পিএম, তুরস্কের এলবিস্তানে ৩০৭ পিএম, ইউক্রেইনের কেইভে ৩০২ পিএম, মঙ্গেলিয়ার উলান বাতরে ৩০২ পিএম, পাকিস্তানের লাহোরে ২৪৬ পিএম, যুক্তরাষ্ট্রের পেন্ডলেটনে ২৪২ পিএম ও বাংলাদেশের পল্টনে ২৩৩ পিএম।
বায়ুমান ও দূষণ পরিমাপের ভিত্তিতে সতর্কতা বিজ্ঞপ্তি অনুসারে, ২০১ থেকে ৩০০ পিএম ২.৫ মাত্রার বায়ু দূষণ খুবই ভয়ানক। এ অবস্থায় জরুরি স্বাস্থ্য সাবধানতা জারি করতে হয়।
বিশেষ করে যারা শিশু, বৃদ্ধ এবং যাদের শ্বাসতন্ত্রজনিত রোগ (যেমন- অ্যাজমা) রয়েছে তাদের এ অবস্থায় বাইরে বের হওয়া একদমই উচিত না।








