সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১টি পাসপোর্ট, ৩টি পাসপোর্টের ফরম ও ৫৫ হাজার টাকাসহ ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বুধবার ( ৯ জুন) দুপুরে দালাল আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তারা হলেন-সাইফুল, আমিনুল, রকিব, জহির, জুনাইদ, মুজিবুল, আহমদ হোসেন, জাকির হোসেন, সাকিব, জামাল ও সাইদুল।
ওসি জাহিদুল কবির জানান, চট্টগ্রামে দুইটা পাসপোর্ট অফিস মিলে শতাধিক দালাল রয়েছে। তাদের মধ্যে ৫০ জনের বেশি স্বীকৃত দালাল রয়েছে। আমাদের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের ২০-২৫ জনের তথ্য আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ পাসপোর্ট অফিস থেকে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।








