নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার রাতে সিন্ধু প্রদেশের রৌরি রেলস্টেশনের কাছে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে ডন।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনায় পড়া ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে করাচি যাচ্ছিল।

পাঞ্জাবগামী বাসটিতে ২০ যাত্রী ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

“ভয়াবহ একটি দুর্ঘটনা। বাসটি তিন টুকরো হয়ে গেছে,” বলেছেন সুক্কুর শহর পুলিশের সহকারী মহাপরিদর্শক ড. জামিল আহমেদ।

সংঘর্ষের পর ট্রেন বাসটিকে নিয়ে ১৫০-২০০ ফুট দূরত্ব অতিক্রম করেছিল বলেও জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে নারী ও শিশু আছে; তাদেরকে রৌরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“খুবই দুঃখজনক ঘটনা। খবর পেয়েই প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। যে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে সেটি অরক্ষিত ছিল। সেখানে এমন কিছুই নেই, যা দিয়ে যানবাহন আটকে রাখা যায়,” বলেছেন সুক্কুরের কমিশনার শফিক আহমেদ মাহেসার।