নিউজটি শেয়ার করুন

পাথরঘাটায় কিশোরীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পাথরঘাটায় এক যুগ আগে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার(২ডিসেম্বর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মো. মশিউর রহমান খান এ আদেশ দেন।

দণ্ডিত আসামি মো. সাদ্দাম হোসেন (৩০) নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা আশরাফ আলী রোডের জনৈক আবুল কাশেমের ছেলে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি জেসমিন আক্তার বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আসামি সাদ্দাম ঘটনার পর থেকেই পলাতক।

মামলার এজাহারে বলা হয়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি রাত আটটায় পাশের বাসার কিশোরী মেয়েকে (১৪) কৌশলে নিজ ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করে সাদ্দাম। পরিবারের সদস্যরা ওই কিশোরীকে সাদ্দামের ঘর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওসিসি তে নিয়ে ভর্তি করায়।

এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধীত ২০০৩) এর ৯(১) ধারায় সাদ্দামকে আসামি করে মামলা করেন। ২০০৮ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের সাদ্দামের বিরুদ্ধে ৪ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেয় আদালত।