চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটায় ভয়াবহ বিস্ফোরণে দেয়াল ধসে গুরুতর আহত সেই স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে একই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।
ওই শিক্ষিকার নাম ডরিন তিশা গোমেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর। পাথরঘাটার বান্ডেল রোডে সেন্ট জনস গ্রামার স্কুলের জুনিয়র শিক্ষক ছিলেন তিনি। তার বাসা পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইঁয়্যা জানান, ডরিন গোমেজের মাথায় গুরুতর আঘাত ছিল। আইসিইউর ৭ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গত ১৭ নভেম্বর সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এসময় ডরিন রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে তার রিকশার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। এতে নারী ও কিশোরসহ ৮ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন।

