সিপ্লাস প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মো. সামির (২৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (৩১ মে) দিনগত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সামি চট্টগ্রামের বাঁশখালির টইটং বাজার এলাকার মো. আবুল হোসেনের ছেলে। তিনি পানছড়ি বাজার জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে পানছড়ি ফিরছিলেন সামি। পথে পানছড়ির চৌধুরীপাড়া এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত তিনি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে থাকা পানছড়ি বাজারের ব্যবসায়ী মো. তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।








