আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য৷
সন্ধ্যা হলেই দোকানিদের সামনে সাজানো টেবিলে দেশি-বিদেশি মদের বোতল। রাত থেকে ভোর পর্যন্ত বসে মদের আসর। এ যেন এক মদের রাজ্য।
ঝাউ গাছের আড়ালে অবৈধ স্থাপনা তুলে গড়ে উঠেছে মাদক স্পট।
এসব গড়ে ওঠা অবৈধ স্থাপনা মাদক আস্তানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার ইয়াছির আরাফাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় সমুদ্র সৈকতে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন।
কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার ইয়াছির আরাফাত সিপ্লাসকে জানান, সমুদ্র সৈকতের সৌন্দর্য ধরে রাখতে ও মাদক, ইয়াবা, অসামাজিক কর্মকা- প্রতিরোধ করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পর্যটন এলাকায় বেশকিছু অসাধু ব্যবসায়ী সৈকতে পরিবেশ বিনষ্ট করছে।
এই অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।








