সিপ্লাস প্রতিবেদক: নগরীর অলংকার এলাকায় পরিবহনে চাঁদাবাজির সময় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব -৭)। এসময় তাদের কাছ থেকে নগদ ২২ হাজার টাকা টাকা জব্দ করা হয়।
বুধবার(৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. আজাদ (৩৪), মো. অহিদ (৩৮), মো. আরিফ হোসেন (৩০), নারায়ন দে (৫১) ও মো. সিদ্দিক হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অলংকার এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচলনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আসামীদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ২১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
পরে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।








