সিপ্লাস ডেস্ক: সারাদেশের শিক্ষা ব্যবস্থা যখন করোনার প্রভাবে থমকে আছে, তখন বন্দরনগরী চট্টগ্রামের নাছিরাবাদ হাউজিংয়ে অবস্থিত পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ স্ব-মহিমায় লকডাউনের শুরু থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনলাইনে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চট্টগ্রামে যে কয়েকটি স্কুলে গুরুত্ব সহকারে অনলাইনে শিক্ষা দেওয়া হয় তার মধ্যে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অবস্থান সবার উপরে।
লকডাউনের শুরুতে যখন কেউ চিন্তায় করেনি কিভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে, ঠিক তখনই পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ নিজেদের ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে শ্রেণি কার্যক্রম শুরু করে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী অনলাইন শ্রেণি কার্যক্রমের সাথে যুক্ত। ছাত্র-ছাত্রী, অভিভাবকম-লী কখনো বুঝতেই পারেনি বিদ্যালয় বন্ধ না খোলা। সকল প্রকার কার্যক্রম সম্পন্ন হয়েছে বিদ্যালয়টির নিজেদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে। তারই ধারাবাহিকতায় অর্ধবার্ষিক পরীক্ষা (অনলাইন ভিত্তিক) গত ২৩ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হয়। খাতা মূল্যায়ন শেষে গত ২৪ সেপ্টেম্বর শ্রেণি শিক্ষকম-লী অধ্যক্ষ মো. শাহীন আলমের হাতে ফলাফল তুলে দেন সে সময় ছাত্র-ছাত্রী, অভিভাবকম-লী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ জুম ক্লাউড মিটিংয়ে যুক্ত ছিলেন।
এবারের রিপোর্ট কার্ডটি ছাত্র-ছাত্রীদের কাছে ছিল অনেকটা সোনার হরিণের মতো। তারা ভাবতেই পারেনি এ বছর তারা রিপোর্ট কার্ড হাতে পাবে। ফল প্রকাশ শেষে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন আলমের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব সোলায়মান খান মাসুম, প্রধান বক্তা ছিলেন এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অফিস কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিশেষে সবাই এ সিদ্ধান্তে উপনীত হয় যে, বর্তমান সময়ের প্রেক্ষিতে অনলাইন কার্যক্রমের কোন বিকল্প নেই। তাই এই ধারাবাহিকতা বজায় রেখে ইনশাআল্লাহ পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

