Site icon CPLUSBD.COM

‘পুমা’ বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করছে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা দেশের পোশাক ও বস্ত্র খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএলের হাত ধরে বাংলাদেশে ব্যবসা শুরু করে । আড়াই বছর পর পুমার ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শিগগিরই ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ব্র্যান্ডটির দ্বিতীয় বিক্রয়কেন্দ্র উদ্বোধন করছে ডিবিএল।

মঙ্গলবার ডিবিএল গ্রুপ আনুষ্ঠানিকভাবে জানায়, দেশের মানুষকে আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দিতেই বাংলাদেশে পুমার ফ্র্যাঞ্চাইজি অংশীদার হিসেবে কাজ করছে ডিবিএল। বর্তমানে বনানীতে ২ হাজার ২০০ বর্গফুটের পুমার বিক্রয়কেন্দ্রটি ব্র্যান্ডটির দক্ষিণ–পূর্ব এশিয়ার বড় বিক্রয়কেন্দ্রগুলোর মধ্যে একটি। স্পোর্টস লাইফস্টাইলের ধারণাকে জোরালোভাবে ছড়িয়ে দিতেই ধানমন্ডির ২৭–এ নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে। বিক্রয়কেন্দ্রটির সর্বত্র পাওয়া যাবে ফরেভার ফাস্টার স্লোগানের ছোঁয়া।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘ধানমন্ডির সেরা লোকেশনে পুমার আরেকটি বিক্রয়কেন্দ্র খোলার প্রক্রিয়া শুরু করতে পেরে আমরা আনন্দিত। তবে এটাই শেষ নয়, বরং শুরু। আমরা আশাবাদী, আইকনিক ফ্ল্যাগশিপের মাধ্যমে ধানমন্ডির গ্রাহকদের আমরা পুমার সেরা পণ্যগুলোর অভিজ্ঞতা দিতে পারব।’

রুডলফ ড্যাজলার নামের একজন জার্মান ১৯৪৮ সালে পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১২০টির বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে। তাদের কর্মীর সংখ্যা ১৪ হাজার ৩০০। গত বছর বিশ্বের ৩১ দেশের ১৩৯ সরবরাহকারী প্রতিষ্ঠান পুমার পণ্য উৎপাদন করেছে। ব্র্যান্ডটির জুতাসহ অন্যান্য পণ্যের প্রায় ৩৫ শতাংশ ভিয়েতনামে ও ২৬ শতাংশ চীনে হয়। পুমার তৃতীয় সর্বোচ্চ (বিশেষ করে পোশাক) ১৪ শতাংশ পণ্য সরবরাহকারী হচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে ছিল ১৩ শতাংশ।