সিপ্লাস প্রতিবেদক: খুলশী থানাধীন সিডিএ পূনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে ৬.১৫০ কেজি ওজনের দুইটি কষ্টি পাথরের নির্মিত পুরাকীর্তির প্লেটসহ ১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় তাকে আটকের বিষয়টি র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে খুলশী থানাধীন সিডিএ পূনর্বাসন এলাকা ভাই ভাই ইঞ্জিনিয়ারিং দোকানের ভিতর কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের তৈরি পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ ফয়েজ আলী (৩১), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং- বেবী সুপার মার্কেট, সি,ডি,এ পূনর্বাসন এলাকা, ওয়াজেদ আলীর বাড়ী, ৮ নং ওয়ার্ড শুলকবহর, থানা- খুলশী, চট্টগ্রাম মহানগর বর্তমানে- আউটার সিগন্যাল, পূর্ব নাসিরাবাদ, লাল মিয়া সওদাগর বাড়ী, থানা- খুলশী, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে।
পরবর্তীতে আটককৃত আসামির নিজ দখলে থাকা তার বাম হাতে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৬.১৫০ কেজি ওজনের কষ্টি পাথরের দুইটি পুরাকীর্তির প্লেট উদ্ধারসহ আসামি’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে কষ্টি পাথরের নির্মিত পুরাকীর্তি বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্রগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।








