নিউজটি শেয়ার করুন

পুরাতন সার্কিট হাউজের জমি মুক্ত করে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর করার দাবি জানালেন উপমন্ত্রী নওফেল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজ ও সামনের শিশু পার্কের জমি মুক্ত করে স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর করার দাবি জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার(২৮ আগস্ট) ‍দুপুরে নগরীর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড লাগিয়ে পুরাতন সার্কিট হাউজটা দখল করে রাখছে। সেটা আমাদের জন্য লজ্জার। সেখানে কিছুই নাই।

একটা রুমে সেদিন তিনি মারা গেলেন। তাই বলে একটা পুরো প্রত্মতাত্ত্বিক সম্পদ যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত, যেখানে বৃটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। সেটাকে অবরুদ্ধ গোডাউন বানিয়েছে।

নওফেল বলেন, “জিয়াউর রহমানের মৃতদেহ কোথায় আছে সেটা কেউ জানে না। আজকে বিএনপিও এই জাদুঘরে যায় না। তাহলে কেন সেটা দখলে থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি। উনাদের বলব, এই অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন।

“মেয়র মহোদয়কে বলব, সামনে শিশু পার্কের নামে জমিটা দখল করে বসে আছে। সেটা থেকেও মুক্তি দিন। যে ব্যক্তি এটা করেছে সে ঢাকাতেও বসেছিল একটা জমি দখল করে। রাজউক গিয়ে উচ্ছেদ করেছিল।

“এখানেও ছলে বলে সে বসে আছে। এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাব করেছে সেখানে স্মৃতি স্তম্ভ করার। আপনারাও চেষ্টা করুন স্মৃতি রক্ষায়।”

শিক্ষা উপমন্ত্রী বলেন, “আমাদের দেশের কিছু কুলাঙ্গার জাতির পিতা এমনকি শিশু রাসেলসহ সবাইকে হত্যা করলো। বেঁচে ছিলেন শুধু বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তাদের হাত ধরেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাখে আল্লাহ মারে কে।”

তিনি বলেন, “খুনি জিয়া, যে হাজার হাজার সেনাবাহিনীর অফিসারকে হত্যা করিয়েছেন। সহকর্মীদের খুন করিয়েছেন। নিজের হাতে সাইন করে করে ফাঁসিতে ঝুলিয়েছেন বিমানবাহিনী সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের। হত্যাকারীদের আল্লাহ পছন্দ করেন না। সে নিজেও নিহত হল।“

বিশেষ অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “মহামারীতে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না তখন মানুষকে সহায়তা করতে গিয়ে আমাদের অনেক সতীর্থ নেতাকর্মীকে হারিয়েছি।

“আর কিছু দল আছে তারা জনসমক্ষে আসে না। ভিডিও বার্তা দেয়। তারা বহু বছর ক্ষমতায় ছিল। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। মালয়েশিয়া থেকে টাকা ফেরতও এসেছে। তারা কী এক মুঠো চালও মানুষকে দিতে পারে না? আবার তারা সরকারকে উপদেশ দেয়।”

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন শোক দিবসে উপহার সামগ্রী বিতরণ করুন। তাই আজকের আয়োজন। প্রতি ইউনিটে উপহার সামগ্রী দেওয়অ হবে।”

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় ও সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও সদস্য ইউছুপ সর্দার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here