সিপ্লাস প্রতিবেদক: পুলিশ জনগণের বন্ধু। এটি যেন এখন আয়নার মত পরিষ্কার।
গেলো বুধবার দিনের কোন এক সময় নিজের ঘরেই মারা যান ৯০ বছরের বৃদ্ধ আব্দুল গাফফার। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার রিয়াজ উদ্দীন উকিল বাড়িতে।
তার মৃত্যুর পরপরই শুরু হয় নানান গুঞ্জন। কেউ তার কাছে যায়না। সবাই ভাবছে তিনি করোনায় মারা গিয়েছেন। অথচ দেশে করোনা আসার আগেও কেউ মারা যাওয়ার খবর শুনেই ছুটে আসতো আত্নীয়স্বজন।
শুধু তাই নয় ওই পাড়ার মসজিদের ইমামও তার জানাজা পড়াতে অসম্মতি জানাল। পরমূহূর্তেই সেদিন রাতে ঘটনাটি কানে পৌঁছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকারের কাছে। এরপরই আব্দুল গাফফারের শেষ বিদায়ের সকল আয়োজনই সম্পন্নের দায়িত্ব নেয় পুলিশ।
ওসি’র নির্দেশে পরদিন সকালে চান্দগাঁও থানার এসআই বেলাল ওই ব্যক্তির মরদেহ ধোয়ানোর ব্যবস্থা করেন। সামাজিক দূরত্ব মেনে আয়োজন করা হয় জানাজা। ধর্মীয় রীতি মেনে ব্যবস্থা করেন দাফনেরও।
এ বিষয়ে ওসি বলেন , অনেক মানুষই সচেতন না হয়ে আতংকিত হচ্ছে বেশি। যার ফলে করোনা পরিস্থিতিতে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে আক্রান্ত না হয়েও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

