Site icon CPLUSBD.COM

পুলিশের বাধায় সমাবেশ করতে পারেনি বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ কাল

পুলিশ বাধা দেয়ায় পূর্বঘোষিত সমাবেশ করতে পারেনি বিএনপি। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

রিজভী বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে গোটা নয়াপল্টন এলাকায়।’

তিনি বলেন, ‘সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে। যখন তখন যেকোনো সময় আওয়ামী লীগ যেকোনো স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আজ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।

সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে বলে জানান বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।