নিউজটি শেয়ার করুন

পুলিশের ভয়ে পালাতে গিয়ে মোটর সাইকেলকে চাপা দিল মিনিবাস; নিহত ১

নগরীতে  ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে পালাতে গিয়ে মোটর সাইকেলে ৪ নম্বর মিনিবাসের ধাক্কা লেগে মোসাদ্দেক হোসেন ফালু (৩০) নামে এক আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হুমায়ুন কবির নামে আরেক আরোহী আহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) রাত ৯ টার দিকে টাইগার পাস মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফালু হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্স শেষ বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র।

আহত হুমায়ুন কবির সিপ্লাসকে বলেন, রাত ৯টার দিকে আমি আর ফালু মোটর সাইকেল নিয়ে আগ্রাবাদ যাওয়ার সময় টাইগারপাস মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়ি। এ সময় আমাদের বাম পাশে নিউ মার্কেট থেকে অলংকার মুখো একটি ৪ নম্বর মিনিবাস দাঁড়ানো ছিলো। সিগন্যাল শেষে আমরা চলে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ মিনিবাসটিকে সিগন্যাল দেয়। এ সময় মিনিবাসটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যেতে চাইলে আমাদের চাপা দেয়। এতে দু’জনই বাসের নিচে পড়ে যাই। পরে প্রত্যক্ষদর্শীরা বাসের নিচ থেকে দ্রুত আমাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমি কম আঘাত পেলেও ফালুর অবস্থা গুরুতর দেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিনিবাসের চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কেতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ফালু লোহাগাড়া পুটিবিলা ইউনিয়নের আমিনুল ইসলামের পুত্র।

এ ব্যাপারে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া সিপ্লাসকে বলেন, বুধবার রাত সাড়ে নয়টার পর মোসাদ্দেক হোসেন ফালু নামে এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।