টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক মাদক কারবারী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীপাড়া এলাকার ফজল আহাম্মদের ছেলে।
পুলিশ বলছে, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং নিহত ব্যক্তি একজন মাদক কারবারি ছিল।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ৩ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে কক্সবাজারের-টেকনাফ মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন মহেশখালীয়াপাড়া ফিশিংঘাট এলাকায় ইয়াবার চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। পরে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাসিম বলেন, গুলিবিদ্ধ ও জখম প্রাপ্তসহ চার জনকে নিয়ে আসেন পুলিশ। এর মধ্যে কাশেম নামক ব্যক্তির শরীরে গুলি আঘাত ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। এছাড়া আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লাশ কক্সবাজার মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, চলতি বছরের (৩ জুলাই) পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৪৮জন নিহত হয়েছে। তার মধ্যে ২৬ জন সক্রিয় ডাকাত ছিল। বাকিরা মাদক কারবারি।

