Site icon CPLUSBD.COM

পুলিশের হাতে প্রেমিকযুগল গ্রেপ্তার

সিপ্লাস ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রেমিক অমর হোসেনের (১৬) সঙ্গে গত সোমবার দিবাগত রাতে পালিয়ে যায় তার প্রেমিকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মেয়েটিকে নিয়ে বাড়িতে ফেরে অমর। পরিবারের কেউ তাদের দায়িত্ব নেয়নি।

পরে উপজেলার মুফতিরগাঁও গ্রামে তাদের নিজ বাড়ি থেকে ওই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

এরপর প্রেমিকার ভাই অপহরণ ও ধর্ষণের অভিযোগে অমর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

জানা গেছে, আমেরিকা প্রবাসী আজিজুর রহমানের ছেলে অমর হোসেন। আর প্রেমিকা একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা দিনমজুর ভ্যানচালক শাহজাহান মিয়ার মেয়ে। বেশ কয়েকদিন ধরে অমর হোসেনের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত সোমবার দিবাগত রাতে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় মেয়েটি। বুধবার সকালে মেয়েটিকে নিয়ে বাড়িতে ফিরে অমর হোসেন। দুপুর দেড়টা পর্যন্ত পরিবারের কেউ তাদের দায়িত্ব নেয়নি।

অবশেষে মেয়ের বড়ভাই কাপড়ের দোকানের কর্মচারী শামিমুল আজাদ সুমন (২৯) বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ জানালে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাস ওই প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে যান। পরে মেয়েটির ভাই অপহরণ ও ধর্ষণের অভিযোগে অমর হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, গত সোমবার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় অমর। এর একদিন পর বুধবার দুপুরে প্রেমিকযুগল বাড়ি ফিরে আসে। এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নিয়মিত মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।