ফেনী প্রতিনিধি: সোনাগাজী পৌরসভা নির্বাচনে পূনরায় মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে সোনাগাজী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রশাসনের সতর্ক পাহারায় সুষ্ঠু ও অবাধ এ নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মেয়র পদে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মাঝে ৬ হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় মোট কাস্টিং ভোট ছিলো ৪৩ দশমিক ১৫ ভাগ।
রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মেয়র পদে নৌকা প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বেসরকারী ভাবে পূনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু নাছের মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ১০৭৫ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ হিজবুল্লাহ হাতপাখা প্রতিকে পেয়েছেন ৪০২ ভোট, শেখ সেলিম জগ প্রতিকে পেয়েছেন ৭৯ ভোট।
এদিকে কাউন্সিলর পদে বিজয়ীরা হচ্ছেন, ১ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতিকে মো. মোস্তফা, ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতিকে হেদায়েত উল্যাহ, ৩ নং ওয়ার্ডে পানির বোতল প্রতিকে ইমাম উদ্দিন ভূঞা, ৪ নং ওয়ার্ডে উটপাখি প্রতিকে বেলায়েত হোসেন, ৫ নং ওয়ার্ডে উটপাখি প্রতিকে নাছির উদ্দিন রিপন, ৬ নং ওয়ার্ডে উটপাখি প্রতিকে আইয়ুব আলী খান, ৭ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতিকে জামাল উদ্দিন নয়ন, ৮ নং ওয়ার্ডে পানির বোতল প্রতিকে শেখ কলিম উল্লাহ রয়েল ও ৯ নং ওয়ার্ডে পাঞ্জাবী প্রতিকে নাজিম উদ্দিন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে আনারস প্রতিকে মনিহার বেগম, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টেলিফোন প্রতিকে শাহানা আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত জানান, সোনাগাজী পৌরসভায় ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মাঝে ৬ হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মাঝে মেয়র পদে ২৫ জনের ভোট বাতিল হয়েছে। নির্বাচনে মেয়র পদে মোট ৪৩ দশমিক ১৫ ভাগ ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করেছে।
সর্বাধিক ভোট লাভ করায় মেয়রপদে বেসরকারী ভাবে বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

