সিপ্লাস ডেস্ক: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) মুঠোফোনশিল্পের অবদান মোট সম্ভাবনার ৫০ শতাংশে পৌঁছেছে। করোনার প্রভাবে কিছুটা ধীর গতিতে হলেও গত বছরের শেষ নাগাদ এসডিজির ১৭টি সূচকেই অগ্রগতি ছিল। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সংগঠন জিএসএম অ্যালায়েন্সের (জিএসএমএ) এসডিজি-বিষয়ক প্রতিবেদন ‘২০২১ মোবাইল ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট রিপোর্ট’-এ এমনটা জানানো হয়।
এসডিজির নবম লক্ষ্যমাত্রা অর্থাৎ শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোতে মুঠোফোনশিল্পের অবদান সবচেয়ে বেশি ছিল। এই অবদান বাড়ার পেছনে কারণ হিসেবে মুঠোফোনের ব্যবহার বৃদ্ধির কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে।
২০২০ সালের শেষ নাগাদ বিশ্বে ৫২০ কোটি মুঠোফোন গ্রাহক ছিল, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৭ শতাংশ। অন্যদিকে ২০১৯ সালের তুলনায় ২২ কোটি বেড়ে ২০২০ সালে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪০০ কোটিতে পৌঁছেছে। গত বছরের শেষে বিশ্বের ৯৪ শতাংশ মানুষ থ্রি-জি নেটওয়ার্কের আওতায় এসেছে। ফোরজি এবং ফাইভ-জি পৌঁছেছে বিশ্বের ৮৭ এবং ১৭ শতাংশ মানুষের কাছে।

