সিপ্লাস ডেস্ক: গতকাল ১ মে একটি অনলাইন পোর্টালের সাক্ষাৎকারে পেকুয়ার সাংবাদিক সমাজ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাঈকা শাহাদাতের করা স্পর্শকাতর মন্তব্যটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন। এবং তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ২ মে গণমাধ্যমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তাঁর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হলো- ‘‘গতকাল অনলাইন নিউজ পোর্টাল পূর্ব পশ্চিম বিডিনিউজে প্রকাশিত পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আমার করা মন্তব্যটি আমি প্রত্যাহার করছি। এতে যদি কোন সাংবাদিক বন্ধু কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি, কোন প্রমান ব্যতিরেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আমার ব্যক্তিগত সম্মানহানিকর ও ষড়যন্ত্রমূলক ভাবে গুটিকয়েক ব্যক্তি আমার বিরুদ্ধে মনগড়া গল্পকাহিনী বানিয়ে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে, তাদের চিহ্নিত করে সেইসব অভিযুক্তদের বিরুদ্ধে আমার আইনগত ব্যবস্থা গ্রহণে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। আশা করছি, দেশের এই ক্রান্তিলগ্নে সকল সাংবাদিক ভাইদের পাশে পাবো। মানুষের জন্য আমাদের একযোগে কাজ করার এখনি সময়। আসুন, সকল মনোকষ্ট ভুলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করি করোনা নামের বৈশ্বিক মহামারী, স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিতে মানুষকে সচেতন করি, সহায়তা পাওয়ার যোগ্য প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেই মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত উপহার/ সহায়তা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’’








