সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ১টি এলজিসহ কায়সার উদ্দিন (৪৭), আবদুর রহমান (২৫) ও মো. দিদারুল ইসলাম (৩৫) নামে ৩ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন-পেকুয়া উপজেলার পশ্চিম ছিরাদিয়া এলাকার মাস্টার আবুল কাসেমের ছেলে কায়সার উদ্দিন, শেখের কিল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবদুর রহমান ও পূর্ব বিলহাজ চূড়া এলাকার আক্তার আহমদের ছেলে মো. দিদারুল ইসলাম
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজারের পেকুয়ার চৌমুহনী এলাকায় অস্ত্র বেচাকেনা হবে। এ খবরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বেচাকেনার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।








