Site icon CPLUSBD.COM

পেকুয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় সানলাইন পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছাবের আহমেদ (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন।

রোববার(২০জুন) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-পেকুয়া সড়কের বারবাকিয়ার কাদিমাকাটা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা পুলিশ টিমের প্রধান উপ-পরিদর্শক নাজমুল হোসেন ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার।

নিহত ছাবের আহমেদ কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের উত্তর বড়ঘোপের মৃত শেয়ার উল্লাহর ছেলে।

আহতরা হলেন- কুতুবদিয়ার নজির আহমেদের ছেলে জামাল হোসেন (৩০), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আজম (২২), মৃত ওলামিয়ার ছেলে মোক্তার হোসেন (৪০), নুরুল আলমের মেয়ে ফরিদা বেগম (৩০), সিকদার পাড়ার আমিন উল্লাহর ছেলে মোহাম্মদ বাবু (২৫), রাহাজান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাজ্জাদ (২৩), কামাল হেসেনের ছেলে শহীদুল ইসলাম (৪৫), গোয়াখালীর আহমদ হোসেনের ছেলে মোহাম্মদ বাদশা (৩০), সাতকানিয়ার হাফিজুর রহমানের ছেলে মাহমুদুল আক্তার (৩০), সিকদার পাড়ার আমিন উদ্দীনের স্ত্রী রওশন আরা (৫৫), চকরিয়ার মৃত কৃষ্ণচন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্রনাথ (৪০) ও কুতুবদিয়া লেমসিখালীর জাবের আহমেদের ছেলে মামুনুর রসিদ (২৮)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।