পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় মহিমা আক্তার নামে এক স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামে এঘটনাটি ঘটে।
এসিডে দগ্ধ স্কুল ছাত্রী একই এলাকার কবির হোছাইনের মেয়ে ও উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
আহত ছাত্রীর পিতা কবির হোছাইন জানান, আমার মেয়ে সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে টিভিতে খবর দেখার সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থায় বাড়ির জানালায় এসে এসিড ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন।
এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ছাবের বলেন, রাত আনুমানিক আটটার দিকে একজন দগ্ধ স্কুল ছাত্রীকে ভর্তি করানো হয়েছিল । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছি।








