পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় র্যাব ৭ এর অভিযানে সাড়ে তিন কোটি টাকা মুল্যের ১ লাখ ১৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করার পাশাপাশি ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কক্সবাজারের পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১,১৬,৩০০ (এক লক্ষ ষোল হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব উজানটিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট রাত ১০টা ২০ মিনিটের দিকে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে চকরিয়া উপজেলার বদরখালী ইউপির আবু তাহেরের ছেলে আসামী রমিজ উদ্দিন (৩৪) ও তার শ্যালক পূর্ব উজানটিয়া এলাকার আবুল কালামের ছেলে ওয়াইজ উদ্দিনকে (২৪) আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে বসত ঘরের ভিতর খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১,১৬,৩০০ (এক লক্ষ ষোল হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লক্ষ টাকা গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মোঃ সাইফুল রহমান মজুমদার ইয়াবা সংক্রান্ত বিষয়ে মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেন।

