নিউজটি শেয়ার করুন

পেছন থেকে লরির ধাক্কা, প্রাণ গেল বন্দর কর্মচারীর

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে লরি চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা নামে এক বন্দর কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ৮ নম্বর কন্টিনেন্টাল ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা (৩১) বন্দরের যান্ত্রিক অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার জেলার বেড়ামারা থানার গোলাপপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। বর্তমানে তিনি নগরীর পাহাড়তলীর চাঁনমিয়া রোডের রাজভিলায় থাকতেন।

স্থানীয়রা জানান, ডিউটিতে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হলে তার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় বন্দরের মালবাহী লরি। এতে তিনি গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘গুরুতর আহত অবস্থায় বিকেল ৫টার দিকে মাসুদকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’