কক্সবাজার ব্যুরোঃ সরকারি বিধিনিষেধ অমান্য করে লকডাউনের অষ্টম দিনে পেটের দায়ে রাস্তায় বের হয় টমটম চালকরা।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উখিয়া সদরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ টি টমটম জব্দ করে।
পরে তাদের জরিমানা না করে প্রশাসনের উদ্যোগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে খাদ্য সহায়তা তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।
এসময় জেলা প্রশাসক বলেন, ” বিধিনিষেধ বাস্তবায়নে কঠোরতার পাশাপাশি কর্মহীন মানুষ দের সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। ২১ টি ক্যাটাগরি বিবেচনায় সহায়তা প্রযোজ্য মানুষদের জরুরি এই সাহায্য দেওয়া হচ্ছে”।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ” মানবিক বিবেচনায় আমরা তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছি।
এছাড়াও এই লকডাউনে ৩৩৩এ কল করা উপজেলার শতাধিক মানুষ কে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আমরা যেমন তৎপর তেমনি কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত “। জরিমানার বদলে খাবার পেয়ে অবাক টমটম চালকরা।
তাদেরই একজন উচ্ছ্বসিত উখিয়া সদরের নুরুল আলম বলেন, ” আমরা ভেবে ছিলাম আমাদের জেল জরিমানা করা হবে, কিন্তু ডিসি স্যার খাবার দিলেন খুব ভালো লাগছে। লকডাউনের বাকি দিন গুলো তে আমরা টমটম না চালালেও আমাদের কোন অসুবিধা হবে না”।
স্বাস্থ্যবিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় কঠোর বিধিনিষেধের প্রথম সাতদিন ১ থেকে ৭ জুলাই পর্যন্ত উখিয়ায় ১২২ মামলায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বিনাশ্রমে কারাদণ্ড দেয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।








