নিউজটি শেয়ার করুন

পেলের দারুণ বন্ধু ম্যারাডোনা

সিপ্লাস ডেস্ক: সারা ফুটবল বিশ্ব তাদের ‘শত্রু’ হিসেবেই চেনে। কিন্তু দুজনের সম্পর্কটা বন্ধুত্বের। তারা ফুটবল ইতিহাসের দুই মহাতারা পেলে এবং দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। গত শুক্রবার ম্যারাডোনা পা রেখেছেন ৬০ বছরে। কিংবদন্তি কে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। যিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেকটাই শয্যাশায়ী।

এর আগে গত সপ্তাহেই ৮০ বছর পূর্ণ করেছেন পেলে। তাকে জন্মদিনে বার্তা পাঠিয়ে ম্যারাডোনা লিখেছিলেন, ‘রাজাকে জানাই সর্বজনীন শ্রদ্ধা।’ এবার পেলে তার শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘ম্যারাডোনা আমার দারুণ বন্ধু। আমি বরাবর তোমার প্রশংসা করব। তোমার পাশে থাকব। তোমার যাত্রা দীর্ঘ হোক। তোমার মুখে এই হাসিই অম্লান থাকুক, যা দেখে আমিও হাসতে পারব। শুভ জন্মদিন।’

প্রসঙ্গত, ২০০০ সালে ফিফা বিংশ শতাব্দীর সেরা দুই ফুটবল ব্যক্তিত্ব হিসেবে যুগ্মভাবে বেছে নিয়েছিল পেলে এবং ম্যারাডোনাকে। সম্প্রতি শারীরিক অসুস্থতা এবং করোনা অতিমারির জন্য দুজনেই নিভৃতবাসে থেকে জন্মদিন পালন করেছেন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ম্যারাডোনা। নিজের ৬০তম জন্মদিনের আগে মজা করে বলেছিলেন, আরেকবার হাত দিয়ে গোল করতে চান তিনি।