নিউজটি শেয়ার করুন

পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে ডিপ্লোমা প্রকৌশলীদের সমাবেশ

পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে ডিপ্লোমা প্রকৌশলীদের

সিপ্লাস প্রতিবেদক: পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে চার দফা বাস্তবায়নের দাবি ও পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজার পলিটেকনিক ক্যাম্পাসে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবি ও পলিটেকনিক ছাত্র শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কক্সবাজার আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সংগ্রাম পরিষদ কক্সবাজার শাখার সদস্য সচিব প্রকৌশলী জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, রেলওয়ে ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোবারক হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. রফিকুজ্জামান, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, আইডিইবি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হেলাল মোরশেদ সোহাগ। বক্তব্য রাখেন গণপূর্ত ডিপ্রকৌস জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, বিউবো’র সদস্য প্রকৌশলী মো. সাদিউজ্জামান, সওজ ডিপ্রকৌস জেলা শাখার প্রচার সম্পাদক প্রকৌশলী রায়হান মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি ও নির্দেশনা মোতাবেক পেশাগত সমস্যাসমূহ এক দশকেও নিস্পত্তি না করে উল্টো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জাতীয় ও আন্তর্জাতিক মান কেড়ে নিতে এ কোর্সের মেয়াদ ৪ বছর হতে কমিয়ে ৩ বছরের শর্টকোর্স করতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্প্রতি উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পেশাগত পদবী নিয়ে আইইবি’র ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে ডিপ্লোমা প্রকৌশলীদের

তারা বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল বারবার পরিকল্পিত ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর শ্রুতিশ্রুতি ও নির্দেশনা এবং আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে কালক্ষেপণ করে নতুন নতুন বিভ্রান্তিকর পদক্ষেপ নিয়ে গণপ্রকৌশলীদের পেশাগত জীবনকে দুর্বিষহ করে তুলছেন।

বক্তারা আইইবি’র নির্বাহী কমিটির সভায় ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী পরিবর্তনের ষড়যন্ত্রমুলক বিষয়বস্তু অন্তর্ভুক্তির তীব্র নিন্দা জানান এবং সংগ্রাম পরিষদের ঘোষিত চার দফা দাবি আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।

চার দফা দাবিগুলো হলো- (১) চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছর মেয়াদী কোর্সে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক সময়ে গঠিত অযৌক্তিক কমিটি বাতিল করা এবং এই কোর্সকে আরো বিশেষায়িত ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহন করা। (২) বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ধারা উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন করে গেজেট আকারে প্রকাশ করা। (৩) প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৩৩ থেকে ৫০ শতাংশে উন্নীতকরণের নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যুনতম বেতন নির্ধারণসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমুহে জনবল নিয়োগে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে অর্গানোগ্রাম প্রনয়ণ করা। (৪) দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে যথাসময়ে বেতন পদোন্নতি নিশ্চিতকরণ এবং প্রকল্পভুক্ত শিক্ষকদের চাকুরি স্থায়ীকরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here