গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধিঃ পেশায় ডিম সরবরাহকারী ও কার চালক হলেও নেশা ছিল তাদের মোটরসাইকেল চুরি। চট্টগ্রামের রাউজান থানা পুলিশের হাতে আটক হয়েছেন মোটরসাইকেল চোর চক্রের এমন তিন সদস্য।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ৩টায় তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন ।
আটককৃতারা হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোসাল তালুকদার বাড়ির মো. মোস্তাফার ছেলে মনির(২২), রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হ্যাডম্যান পাড়ার নাসিরের ছেলে জাহেদুল ইসলাম সান (২২) ও সীতাকুণ্ড উপজেলার কান্দি ইউনিয়নে মিঠানালা উত্তর বালিয়াদী গ্রামের, ওঞ্জির আলীর সেরাং বাড়ীর প্রয়াত মোজ আহাম্মদের ছেলে খোরশেদ আলম (৪২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সোমবার রাত ৯ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারের পশ্চিম পাশে বাইকাস জোন দোকানের সামনে চোরাইকৃত মোটর সাইকেল হিরো হোন্ডা ( চট্টগ্রাম -ল-১৩-৮৬৫০) বিক্রয়ের জন্য অবস্থানকালে মনির (২২) নামে এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেদুল ইসলাম সান (২০) ও মো. খোরশেদ আলম (৪২) নামে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে উপপরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহকারে পৃথক তিনটি অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

