নিউজটি শেয়ার করুন

পোর্ট কানেকটিং রোডে অবৈধ পার্কিং, ৪০ হাজার টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পোর্ট কানেকটিং (পিসি) রোডের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৮টি কাভার্ডভ্যান, ট্রেইলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানিয়েছেন, সড়ক যানজটমুক্ত, কার্পেটিং টেকসই করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।