সিপ্লাস ডেস্ক: ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।
সোমবার (৩১ আগস্ট) দিল্লির সামরিক হাসপাতালের এক বুলেটিনে জানানো হয়েছে, আগের চেয়ে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে। বর্তমানে সেপটিক শকে রয়েছেন প্রণব মুখার্জি।
হাসপাতাল সূত্র জানায়, রোববার থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছে। তার ফুসফুসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়েছে এবং রক্তচাপও অনেক কমে গেছে। এখনো গভীর কোমায় ভেন্টিলেশন সাপোর্টে আছেন প্রণব মুখার্জি।
গত ৯ আগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখার্জি। মস্তিষ্কে আঘাত নিয়ে পরের দিন অর্থাৎ ১০ আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এই প্রাক্তন প্রেসিডেন্টের কোভিড রিপোর্টও পজিটিভ আসে। তার মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তার। এরপরেই গভীর কোমায় চলে যান প্রণব মুখার্জি।

