সিপ্লাস প্রতিবেদক: সুদের ব্যবসায় ও ঘুষ নিয়ে ব্যাংক লোন কারবারের মাধ্যমে প্রতারণার অভিযোগে ১৬৮টি ব্ল্যাঙ্ক চেকসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তিন জন কর্মচারীকে আটক করেছে এনএসআই।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম বন্দর সোনালী ব্যাংক শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
তাদের কাছে থেকে নগদ ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, ১৬৮টি ব্ল্যাঙ্ক চেক, ১০০ টাকা মূল্যমানের ৩০টি প্রাইজবন্ড এবং তিনটি ডিপোজিটে প্রায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন বন্দরের মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের খালাসী আব্দুল মান্নান (৫২) এবং একই বিভাগের এসএস টেন্ডর মো. আবুল কালাম (৫২)।
এনএসআই সূত্র জানায়, আটককৃতরা বন্দরের বিভিন্ন সদস্যদের সাথে সুদের ব্যবসা এবং ঘুষের মাধ্যমে ব্যাংক লোনের কারবারের মাধ্যমে প্রতারণা করেন। এই ঘটনায় ব্যাংকের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। তবে ব্যাংকের কোনো কর্মকর্তাকে আটক করা যায় নি। আটককৃতদেরকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।








