রেলের দুর্ঘটনা রোধে ট্রেনের চালকদের পর্যবেক্ষণে রাখার পক্ষে মত দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এজন্য প্রতিটি ট্রেনের ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। বৈঠকে দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ট্রেন থামানোর পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, কমিটি দুর্ঘটনা রোধে লাইন ভালো করে দেখভাল করতে বলেছে। একই সঙ্গে ট্রেনের চালককে পর্যবেক্ষণে রাখার জন্য সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে।
কমিটির সভাপতি আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় ছাড়ার সুপারিশ করা হয়েছে। বৈঠকে ট্রেনের সিগন্যাল এবং চালকদের কার্যক্রম মনিটরিংয়ে একাধিক পর্যবেক্ষক নিয়োগ করার বিষয়েও পরামর্শ দেয়া হয়। পাশাপাশি রেললাইনগুলো রক্ষণাবেক্ষণ ও তদারকির সুপারিশ করেছে কমিটি।
ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন অংশ নেন।








