সিপ্লাস ডেস্ক: বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।’
এদিকে, এ ইস্যুতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।
ওই সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা এবং এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

