সিপ্লাস ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে প্রতিবেশীদের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন মা-মেয়ে। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ নির্যাতিতদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ও গরু ব্যবসায়ী আব্দুস সাত্তার (৪২) এবং সাদেক আলী (৩০) আটক করে।
শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
থানা সুত্রে জানা যায়, কিশোরী মেয়েকে নিয়ে এক গৃহবধূ নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল বেলা ১১টার দিকে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় শেরপুরের উদ্দেশে বের হলে পথে দুই প্রতিবেশী ভাইয়ের দেখা পান ওই গৃহবধূ। তারা মা-মেয়েকে ঘোরাফেরার কথা বলে সারা দিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে কৌশলে ঢাকায় বসবাসকারী উসমান নামে এক ব্যক্তির নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে যান। সেখানে সাতজন মিলে মা-মেয়েকে রাতভর ধর্ষণ করেন।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ভুক্তভোগীদের স্বজনরা ৯৯৯ নম্বরে কল করে সহযোগিতা চাইলে আমরা মা-মেয়েকে উদ্ধার করি। এ ঘটনায় নির্যাতিতা ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী মা-মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।(সুত্র: আমাদের সময়)

