সিপ্লাস প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর পোস্ট দেয়ায় হাটহাজারীতে আব্দুল কাইয়ুম ফতেহপুরী নামের একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৪ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মামুন জয় বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল কাইয়ুম ফতেহপুরী হাটহাজারীর ফতেহপুর এলাকার লতিফাপাড়ার কাশেম শিকদার বাড়ির আব্দুল মালেকের ছেলে।
মামলার এজহারে বলা হয়, অভিযুক্ত আব্দুল কাইয়ুম ফতেহপুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকে নিয়ে উপহাস করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করেন।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল মাসুদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়েছেন এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হচ্ছে। অভিযুক্তকে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
ছাত্রলীগ নেতা আব্দুল মামুন জয় বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করতেই আব্দুল কাইয়ুম ফতেহপুরী এই কাজটি করেছেন। এটি আমার নজরে আসার সাথে সাথে থানায় মামলা দায়ের করেছি। আশা করি থানা পুলিশ আসামিকে আইনের আওতায় আনবেন এবং তার শাস্তির ব্যবস্থা করবেন।








