Site icon CPLUSBD.COM

প্রধানমন্ত্রী মিলান পৌঁছেছেন

রোম থেকে ইতালির মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান। প্রধানমন্ত্রী সফরকালে বুধবার জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন।

তিনি বুধবার সকালে রোমের ভায়া ডেল এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেন। একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন। দুই নেতা তাদের বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

পরে ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসকালীন হোটেলের সভাকক্ষে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী এর পর একই হোটেলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন। পরে বৃহস্পতিবার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর পর দুপুরে মিলানের উদ্দেশে যাত্রা করেন।