Site icon CPLUSBD.COM

প্রবাসে বসে যারা দেশের বিরুদ্ধে গুজব রটায় তাদের বিরুদ্ধে সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

ছবি: সিপ্লাসবিডি.নেট

সিপ্লাস প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রবাসে বসে যারা দেশের বিরুদ্ধে গুজব রটায় তাদের বিরুদ্ধে সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত কয়েকদিন ধরে বক্তৃতা করছেন সব দলের ঐক্য করে তারা সরকারের পতন ঘটাবেন। এই বুলি যখন দিচ্ছে, তখন খেলাফত মজলিস ঘোষণা করল আমরা আর বিএনপির সাথে নাই। যেই ঐক্য আছে সেই ঐক্যই ধরে রাখতে পারেনা, সেখান থেকে দলগুলো তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তারা প্রতিনিয়ত সরকার পতনের হুমকি দেই। এই কথা বলতে বলতে আসলে তারা নিজেদেরই পতন ঘটিয়ে ফেলেছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রবাসী কমিউনিটি-সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠান পরবর্তী এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিদেশী চ্যানেল বন্ধ করা প্রসঙ্গে বলেন, যে সমস্ত চ্যানেল বিজ্ঞাপনমুক্তভাবে দেশে আসে, সেগুলো সম্প্রচারের ক্ষেত্রে কোন বাঁধা নেই।

তিনি বলেন, যেসমস্ত চ্যানেল বিজ্ঞাপনমুক্তভাবে দেশে আসে, সেগুলো সম্প্রচারের ক্ষেত্রে কোন বাঁধা নেই। আইন মানা বিদেশী চ্যানেলের যেমন দায়িত্ব একইসাথে যারা বিদেশী চ্যানেলগুলো সম্প্রচার করে সেই অপারেটরদেরও দায়িত্ব। কেউ যদি উদ্দেশ্যমূলক জনগণকে বিক্ষুদ্ধ করার জন্য বিজ্ঞাপনমুক্ত আসা চ্যানেল বন্ধ রাখে তাহলে ব্যবস্থা নেয়া হবে। সরকার কোন চ্যানেল বন্ধ করেনি। বিজ্ঞাপনমুক্তভাবে যেহেতু তারা ফিড দিচ্ছেনা তাই এই চ্যানেল গুলোর যারা বাংলাদেশে অপারেটর তারাই সম্প্রচার বন্ধ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের আকাশ উম্মুক্ত, এখানে যেকোন বিদেশি চ্যানেল সম্প্রচার করতে পারে, কিন্তু অবশ্যই সেটি বাংলাদেশের আইন মেনে করতে হবে। বাংলাদেশের আইনানুযায়ি বিদেশী চ্যানেলগুলো বাংলাদেশে কোন বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেনা। একই আইন ইউরোপ আমেরিকা, ভারত, পাকিস্তান শ্রীলঙ্কাসহ উপমহাদেশের অন্য দেশ গুলোতে আছে। সেই আইন মেনেই সেখানে ভিনদেশী চ্যানেল গুলোকে সম্প্রচার করতে হয়।

তিনি বলেন, আমাদের দেশে বছরের পর বছর ধরে আমাদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশী চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছিল। আমরা বহুবার তাগাদা দিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিদেশী চ্যানেলের যারা এখানে প্রতিনিধি ক্যাবল অপারেটরদের সাথে, টেলিভিশন মালিকদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম পহেলা অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। সে অনুযায়ি গতকাল থেকে আমরা মোবাইলকোর্ট পরিচালনা করছি।

তিনি আরো বলেন, বিজ্ঞাপনসহ চালানোর প্রেক্ষিতে বাংলাদেশে প্রায় দু’হাজার কোটি টাকার মত ইনভেস্টমেন্ট প্রতিবছর হয়না। সেটি থেকে দেশ বঞ্চিত হয়, মিডিয়া ইন্ডাস্ট্রি বঞ্চিত হয়, আমাদের সাংবাদিকরাও বঞ্চিত হয়। সেই কারণে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছি সেটিকে টিলিভিশন মালিকদের সংগঠন, সম্প্রচার জার্নালিস্ট ফোরামসহ সকলে অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করবো বিদেশী চ্যানেলগুলো খুব সহসা বিজ্ঞাপনমুক্তভাবে বাংলাদেশে ফিড পাঠাবে। তাহলে এখানে সম্প্রচারের ক্ষেত্রে কোন বাঁধা থাকবেনা। বিবিসি, সিএনএন সহ বহু চ্যানেল আছে যেগুলো বিজ্ঞাপনবিহীনভাবে বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমরা নীতিমালা করছি, নীতিমালা খুব সহসা চুড়ান্ত হবে, সেই নীতিমালা যখন জারি হবে তখন সেই নীতিমালার যারা ব্যত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে প্রবাসী কমিউনিটি-সংযুক্ত আরব আমিরাত আয়োজিত আলোচনা সভায় ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তান আমলে বিদেশ যাওয়াতো দুরের কথা, একটি পাসপোর্ট পাওয়া অনেক দুরূহ ব্যাপার ছিল। বিদেশ যেতে হলে প্রথমে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে করাচি বা লাহোরে যেতে হতো, সেখান থেকে বিদেশের ফ্লাইট হতো, ঢাকা থেকে বিদেশের ফ্লাইট ছিলোনা। সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে এককোটি ২০ লাখ বাংলাদেশি প্রবাসী। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যদি স্বাধীন নাহতো তাহলে আমাদের পক্ষে কখনো এভাবে বিদেশ যাওয়া সম্ভব হতোনা।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রতিচ্ছবি। তাঁর নেতৃত্বে আজকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে। তিনি বাংলাদেশকে বহুদুর এগিয়ে নিয়ে গেছেন এবং মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। আজ থেকে ১২বছর আগে প্রবাসীরা বিদেশের মাটিতে বাংলাদেশকে নিয়ে গর্ব করার খুব বেশিকিছু থাকতনা। এখন বিদেশের মাটিতে বাংলাদেশিরা দেশকে নিয়ে গর্ব করতে পারে আমরা এখন স্বল্পোন্নত দেশ নয়, মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। আগে বাংলাদেশে কোন দূর্যোাগ হলে আমরা বিদেশের সাহার্য্য প্রার্থনা করতাম আর এখন অন্যদেশে কোন দূর্যোগ-দূর্বিপাক হলে বাংলাদেশ সাহায্য দেয়।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি এম এ ছালাম।