মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার লাগোয়া ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণকারীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ।
বুধবার (৩০ জুন) দুপুরের দিকে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে দখলমুক্ত করা হয় নদীর চর।
জানা গেছে- দীর্ঘদিন ধরে ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে ও নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ি ঘের। কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া লাগোয়া ঘটিভাঙ্গা কথিত মৎস্যজীবী সমিতি নামের একটি কমিটি নদীর চর দখল করে ও বিশাল প্যারাবন কেটে তারা নির্মাণ করছে চিংড়ি ঘের।

প্যারাবন ধ্বংসকারী এবং অবৈধভাবে নদীর চর দখলকারী ও নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানান স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতারা।
বিষয়টি নিয়ে টনকনড়ে সংশ্লিষ্ট প্রশাসনের।
এরপর প্যারাবন ধ্বংস ও নদীর চর দখল করে চিংড়ি ঘের নির্মাণের বিষয়ে গোরকঘাটা রেঞ্জ অফিস ও মহেশখালীর এসিল্যান্ডকে অবগত করে।
বুধবার (৩০ জুন) সকালে গোরকঘাটা রেঞ্চ অফিসের সদস্য ও মহেশখালী থানা পুলিশ ঘটিভাঙ্গা গিয়ে প্যারাবন ধ্বংসকারী ও অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান, নদীর চর দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এতে বিপুল পরিমান চর দখলমুক্ত করা হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।








