সিপ্লাস ডেস্ক: মাদারীপুরের শিবচরের মরা আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে ইসমাইল কাজী (২৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় তার সাথে থাকা জামাল হোসেন নামের এক যুবকের দাবি, প্রেমঘটিত ঘটনায় প্রেমিকা তাকে অচেতন করে হত্যা করেছে। পুলিশ জামাল নামের ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মরা আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি পাটক্ষেতের পাশে গলাকাটা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজুল হোসেন, এসআই সঞ্জীব জোয়ারদার, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শরীফ আ. রশিদসহ পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ইসমাইল কাজী উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চরকামার কান্দি গ্রামের সেকান কাজীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
নিহতের মামা মোকসেদ মোল্লা বলেন, আমার ভাগিনার (নিহত ইসমাইল) সাথে জামাল নামের পাশের বাড়ির ছেলেটি ছিল। ওই ছেলে দাবি করছে, আমার ভাগিনা তার প্রেমিকার সাথে এই প্রথম দেখা করতে গিয়েছিল। ওই মেয়েটি তাকে স্পিড খেতে দিয়ে ওরা আলাদা কথা বলতে যায়। এরপর আমি অচেতন হয়ে যাই। এরপর আর কিছু বলতে পারবে না বলে জানায় জামাল। ওর কথা বিশ্বাসযোগ্য হওয়া কঠিন। আমার ভাগিনা খুবই মেধাবী ছাত্র। বিসিএস পরীক্ষার্থী।
দত্তপাড়া ফাড়ির এসআই আ. রশীদ বলেন, লাশটি পাটক্ষেতে পাওয়ার পর মৃতের মামা লাশ শনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।







