রাঙ্গুনিয়ায় প্রেমিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক প্রেমিকা।
সোমবার (২১ অক্টোবর) রাত ৯ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট বাজারে এই ঘটনা ঘটে।
এতে প্রেমিকা গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা প্রেমিককে গণপিঠুনি দিয়ে পুলিশে সুপর্দ করেন। আটক প্রেমিকের নাম মিন্টু নিকু বড়ুয়া (৩২)।
তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি বড়ুয়া পাড়া গ্রামের প্রকাশ বড়ুয়া ওরপে লেদু বড়ুয়ার পুত্র। এই ঘটনায় প্রেমিকার ভাই বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে রোয়াজারহাট বাজারের বি. জামান হোটেলের সামনে এই প্রেমিক-প্রেমিকার অনাকাঙ্খিত দেখা হয়। এসময় দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রেমিক নিকু বড়ুয়া প্রেমিকার উপর ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে সে তার কোমড় থেকে ছুরি বের করে প্রেমিকাকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরি ছুরিকাঘাত করা শুরু করে। এতে প্রেমিকার পিঠে ও কোমড়ের উপরাংশে গুরুতর যখম হয়। স্থানীয়রা প্রেমিকাকে উদ্ধার করে প্রেমিককে গণপিঠুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
অন্যদিকে মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এস.আই) ইসমাঈল হোসেন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলাকারী যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’








